তুমিই ট্রফির যোগ্য দাবিদার, বললেন মেসির স্ত্রী

স্পোর্টস আপডেট ডেস্ক- শেষ পর্যন্ত তিনি পারলেন। যে আক্ষেপটা তাকে পোড়াচ্ছে দেড় দশক, সেটা দূর হলো। বার্সেলোনার মেসি থেকে অবশেষে আর্জেন্টিনার মেসি হলেন আলবিসেলেস্তে অধিনায়ক।

 

সেই ২০০৭ সাল থেকে শুরু। একে একে খেলেছেন চারটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকা। ফাইনাল খেলেছেন চারবার। কোনোবারই ফুটবল দেবতা মুখ ফিরে তাকায়নি।

 

২০১৪ বিশ্বকাপের পর টানা দুই ফাইনাল হেরেছেন। ২০১৬ কোপার ফাইনাল হারের পর অভিমানে অবসর নেন। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আর্জেন্টিনাকে নিয়ে যান বিশ্বকাপের মূল পর্বে।

 

অন্যদিকে নিজ ক্লাব বার্সেলোনার হয়ে জিতে চলেছিলেন একের পর এক শিরোপা। আর্জেন্টিনার প্রিয় সন্তান হয়ে গিয়েছিলেন ‘বার্সেলোনার মেসি’। মোট ৩৬টি শিরোপা জিতেছেন বার্সেলোনার হয়ে।

 

আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার ট্রফি ক্যাবিনেট ছিল শূন্য। শেষ পর্যন্ত ট্রফি জিতলেন লিওনেল মেসি। টানা ১৪ বছরের ব্যর্থতা দূর হলো অবশেষে।

 

মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আকাশি-সাদা জার্সিতে শিরোপার স্বাদ পেলেন নম্বর টেন।

 

ম্যাচশেষে সতীর্থদের সঙ্গে যখন উল্লাসে ব্যস্ত মেসি। তখন তার স্ত্রী আন্তেল্লো রোকুজ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যোগ্য ব্যক্তি হিসেবেই শিরোপা জিতেছেন তার স্বামী।

 

রোকুজ্জে লিখেছেন, ‘আমরা এখন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এগিয়ে যাও। ভালোবাসা এগিয়ে যাও। এতদিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

 

জৈব সুরক্ষা বলয়ের কারণে পুরো কোপা আমেরিকাজুড়ে পরিবারকে ছাড়া থাকতে হয়েছে লিওনেল মেসিকে। তিনি অবশ্য আগেই জানিয়েছিলেন, শিরোপা জেতার মিশনে পরিবারকে ছাড়াও উপভোগ করেছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত শিরোপাটা পেয়ে গেলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। তিনিও নিশ্চয়ই পরিবারের সঙ্গে উদযাপন করতে মুখিয়ে আছেন?

 

এর খানিক পরই মেসির তিন ছেলে থিয়াগো মেসি, মাতেও মেসি ও সিরো মেসির গাওয়া ‘ভ্যামোস আর্জেন্টিনা’ গানের ভিডিও আপলোড করেন রকুজ্জো। যেখানে গানে গানে শিরোপা উদযাপন করতে দেখা যায় মেসির তিন ছেলেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *