স্পোর্টস আপডেট ডেস্ক- টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে লিওনেল মেসি যে গোল্ডেন বুট ও বল জিতবেন সেটা অনুমিত ছিল। অবশেষে তাই হলো। কোপা আমেরিকার সর্বাধিক গোলদাতার সম্মান পেলেন মেসি। নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। জিতলেন সোনার বুট ও বল।
পুরো টুর্নামেন্টে সর্বাধিক চার গোল করেছেন মেসি। গোল করানোর দিক থেকেও এগিয়ে তিনি। টুর্নামেন্টে পাঁচবার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।
২০১৪ বিশ্বকাপেও সেরা খেলোয়াড় হিসেবে মেসি জিতেছিলেন গোল্ডেন বল। কিন্তু সেবার তার মুখে কোনো হাসি ছিল না। ছিল পরাজয়ের গ্লানি। তবে এবার গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার হাতে নেয়ার সময় মেসির মুখে ছিল চওড়া হাসি।
এবার যে আর হতাশায় মোড়ানো একটি দিন নয়, বরং সাফল্যে মোড়ানো একটি দিন পেয়ে গেলেন তারা! ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ২৮টি বছর পার হয়ে গেছে, আর্জেন্টিনার হাতে শিরোপা ওঠেনি।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটালো। সেই সঙ্গে কোপায় সবচেয়ে বেশি (১৫টি) শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গী হলো আর্জেন্টিনা।
রোববার রিও দি জেনেরিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার চলতি আসরের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।
এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে কোপা তথা বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছিল তারা।
খেলার ২২তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি’পলের বাড়ানো বল ধরে ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন দি মারিয়া।
মেসি আসরে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন। ফাইনালে খেলা ব্রাজিলের সেরা তারকা নেইমার করেছে ২টি গোল। যদিও কেউই ফাইনালে গোলের দেখা পাননি।
কলম্বিয়ার লুইস দিয়াসও মেসির মতো ৪টি গোল করেছেন। তবে সতীর্থদের গোলে বেশি অবদান (৫টি ) রাখায় গোল্ডেন বুটের পুরস্কার সহজেই জিতে নেন মেসি। পেরুর জিয়ানলুকা লাপাদুলা ও আরেক আর্জেন্টাইন লাওতারো মার্তিনেস ৩টি করে গোল করেছেন।
এছাড়া ৭ ম্যাচ খেলে ৪টিতে ম্যাচ সেরা হওয়া মেসি সেরার খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন।
