আইএমইআই নম্বর পাল্টে চোরাই মোবাইল বিক্রি করেন তারা

নজর২৪, ঢাকা- মোবাইল ফোনসেটের আইএমইআই নম্বর পরিবর্তনকারী এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়কারী চক্রের শীর্ষ ৩ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে ৮ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ও ইলেক্টনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে।

 

আটকরা হলেন- সুজারক সুজন (২৯), আসাদুজ্জামান (৩৪) ও আকাশ শাহরিয়ার (২৯)।

 

শনিবার (২৬ জুন) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর আনারকলি সাপুর মার্কেটের মোবাইল কেয়ার নামক একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম। অভিযানের নেতৃত্ব দেন সিআইডির ঢাকা মেট্রো পুর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা।

 

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আটক হওয়া এই তিন ব্যক্তি ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা থেকে আসা চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করাসহ চোরাই মোবাইল ফোন কেনাবেচা করেন। তারা বিশেষ ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে যেকোনো মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারেন। এই কারণে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য।

 

অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-পূর্ব সিআইডির একটি বিশেষ টিম রমনার সিদ্ধেশ্বরীর আনারকলি সুপার মার্কেটের চতুর্থ তলার ‘মোবাইল কেয়ার’ নামের দোকান থেকে আট লাখ টাকার চোরাই মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইসসহ তিনজনকে আটক করে।’

 

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *