Home আলোচিত আমার মোবাইল এখনও পাইনি : পরিকল্পনামন্ত্রী

আমার মোবাইল এখনও পাইনি : পরিকল্পনামন্ত্রী

0
84

নজর২৪, ঢাকা- রাস্তায় গাড়িতে বসা অবস্থায় ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তবে ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি।

 

মঙ্গলবার (০৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

মোবাইল ফিরে পেয়েছেন কি না এমন এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারীর) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গেছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’

 

গত ৩০ মে (রোববার) পরিকল্পনামন্ত্রীর আইফোন রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয়। গত ১ জুন মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী জানান।

 

ওইদিন তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

 

এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন। তবে এক সপ্তাহ পার হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here