নজর২৪, ঢাকা: গণ–আন্দোলনের জন্য তরুণদের সামনে আনতে না পারার ব্যর্থতা বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
রোববার (০৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, ‘পৃথিবীতে বহু কিছুর পরিবর্তন হয়েছে। আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে যা অর্জিত হয়েছে, তা তরুণ ও যুবকদের ছাড়া হয়নি। এ মঞ্চে যারা বসে আছেন তারা ৯০-এর আন্দোলনের ছাত্র ও নারীনেত্রী ছিলেন। ৭১-এর আন্দোলনের সময় আমরা তরুণ ছিলাম। লড়াই করেছি, সংগ্রাম করেছি। দেশ স্বাধীন করেছি।’
‘আজ কোথায় সেই তরুণ, কোথায় সেই যুবক? দেখছি না তো। ব্যর্থতাটা আমাদের ওই জায়গায়। আমি অত্যন্ত জোরেশোরে বিশ্বাস করি, আমাদের ব্যর্থতা ওই জায়গায়, আমরা এখন পর্যন্ত তরুণদের ঐক্যবদ্ধ করে সামনে নিয়ে আসতে পারিনি। আসুন আমরা সবাই ওই কাজটা করি। শুধু ছাত্রদল-যুবদল নয়, দেশকে রক্ষার জন্য, স্বাধীনতাকে রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য দেশের সমস্ত তরুণকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা যখন ছাত্র তখন আইয়ুব খানের হাত থেকে দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলাম। তাই আসুন, তরুণ-যুবকদের ঘর থেকে বের করে নিয়ে আসি।’
‘বিএনপি জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করছে’ মন্তব্য করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করতে আমরা কাজ করছি। চেষ্টা করছি সব রাজনৈতিক দলকে এক করতে, এক জায়গায় নিয়ে আসতে। জোট না হোক, যুগপৎ আন্দোলন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
ড. জাফরুল্লাহর নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এখানে আসার আগে তিনি গিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কেন গিয়েছিলেন জানেন? টিকা বিক্রির প্রস্তাব নিয়ে। এর আগে তো তার কিট নেয়নি সরকার। বাতিল করে দিয়েছে। এবারও নেবে না। কারণ তাদের (সরকার) যে উদ্দেশ্য তা সফল হবে না। কারণ, তারা কোভিড নিয়ে ব্যবসা করছে। এটাকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টার কথায় অগ্রিম ৭০০ কোটি টাকা দিয়েছে তিন কোটি টিকা আনার জন্য। এখন দেড় কোটি টিকাও পায়নি। একটা প্রাণী আছে, গাধা, ঘোলা করে পানি খায়। এ সরকারও তা-ই।’
‘টিকার জন্য চীন ও রাশিয়া যখন বলেছে আমার সঙ্গে চুক্তি কর, তখন সরকার করেনি। এখন তাদের পিছে পিছে ঘুরছে। সরকার বলছে টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু চীন বলছে কোনো চুক্তি হয়নি। তোমরা মিথ্যা কথা কেন বলছ?’
