Home আন্তর্জাতিক ৭ বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বিল-মেলিন্ডা

৭ বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বিল-মেলিন্ডা

0
147

আন্তর্জাতিক ডেস্ক- মাইক্রোসফট করপোরেশনের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৫ সালে। এর এক যুগ পর আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছিল তাঁদের। জানা যায়, ১৯৮৭ সালে চার চোখ প্রথম এক হয়েছিল। এরপর তাঁরা সাত বছর প্রেম করেছিলেন। অতঃপর বিয়ে। লিখছি বিল গেটস ও মেলিন্ডা গেটসের কথা।

 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটস ও মেলিন্ডার সম্পর্কের শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। ওই বছরই প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছিলেন তাঁরা। এ ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

 

এরপর দুজনের সামনে এগিয়ে যাওয়া। শুরু হয় তাঁদের তুমুল প্রেম। নেটফ্লিক্সে প্রচারিত এক তথ্যচিত্রে বিলগেটস বলেছেন, ‘আমরা একে অপরের খুব খেয়াল রাখতাম। এখানে দুটি সম্ভাবনা ছিল। হয় আমাদের প্রেমে বিচ্ছেদ হবে, নয়তো আমাদের বিয়ে করতে হবে।’

 

মেলিন্ডা বলেন, তিনি বিল গেটসকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে আবিষ্কার করেছিলেন। এমনকি তাঁকে বিয়ে করার পক্ষে-বিপক্ষে যুক্তিও দিয়েছিলেন বিল—এমনটাই জানিয়েছিলেন মেলিন্ডা।

 

এরপর প্রেম আরও গভীর হয়েছে। প্রেম শুরুর সাত বছর পর ১৯৯৪ সালে তাঁরা বিয়ে করেন। হাওয়াই দ্বীপের লানাইয়ে হয়েছিল সেই আয়োজন। এরপর মাইক্রোসফট বড় হয়েছে। কিন্তু গত বছর তাঁরা এ প্রতিষ্ঠান থেকে অবসরে যান, ব্যস্ত হয়ে পড়েন দাতব্যকাজে। এ জন্য ২০০০ সালেই, অর্থাৎ অবসরের আগেই গড়ে তুলেছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এ ফাউন্ডেশন।

কিন্তু যে পথ বেঁধে দিয়েছিল বন্ধন, তার বিচ্ছেদের ঘোষণা এল আজ মঙ্গলবার। দুজনার দুটি পথ দুটি দিকে গেল বেঁকে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল ও মেলিন্ডা। টুইটার বার্তায় তাঁরা এ ঘোষণা দিয়েছেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

 

মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে দুজন বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে অনেক চিন্তা ও কর্মের পর আমরা বিয়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

 

“আমাদের জীবনের পরবর্তী পর্বে দম্পতি হিসেবে একসঙ্গে জীবন এগিয়ে নিতে পারব বলে আমরা আর বিশ্বাস করি না। নতুন জীবনের পথে চলা শুরুর কালে আমাদের পরিবারের জন্য একান্ত পরিসর চাইছি।”

 

মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ৬৫ বছর বয়সী বিল গেটস বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী।

 

মাইক্রোসফটের সাবেক ম্যানেজার ৫৬ বছর বয়সী মেলিন্ডা বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় সোচ্চার।

 

এ দম্পতির বিচ্ছেদের খবরে ঝুঁকিতে আছে বিল গেটসের ১৪ হাজার ৫৮০ কোটি ডলার মূল্যের সম্পদের স্থায়িত্ব। বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য কার্যক্রম নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

 

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নারী অধিকার প্রতিষ্ঠার প্রচারে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ৫ হাজার কোটি ডলারের বেশি অর্থ দান করেছে।

 

বিচ্ছেদের খবরে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় রদবদলের শঙ্কা করা হলেও বিল ও মেলিন্ডা জানিয়েছেন, এটি তাদের বিশাল জনহিতকর কাজের ওপর কোনো প্রভাব ফেলবে না।

 

ফাউন্ডেশনের এক মুখপাত্র ইমেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও ট্রাস্টি থাকবেন বিল ও মেলিন্ডা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here