তৃতীয় দফায় রিমান্ডে মামুনুল হক

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

 

পল্টন থানায় করা দুটি ভাঙচুর ও সহিংসতার মামলায় তাকে মঙ্গলবার একটিতে দুই দিন ও আরেকটিতে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম সত্যব্রত শিকদার।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় পৃথক দুই মামলায় মামুনুলের ১৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ১৯ এপ্রিল মামুনুলকে মোহাম্মদপুর থানার হামলা, মারধর ও চুরির মামলায় প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৬ এপ্রিল হেফাজতের সমাবেশকে ঘিরে ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় ২ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবার তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর হলো৷

 

১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *