খালেদা জিয়াকে বিদেশ নিতে ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন’, ফখরুল বললেন ‘সত্য নয়’

নজর২৪, ঢাকা- করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে তার দল ও পরিবার।

 

সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর।

 

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন তারা।

 

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওই নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দর ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলেন। এ সময় তারা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে অনুরোধ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সরকারের অন্যদের সঙ্গে আলাপ করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

 

তবে এই খবর ‘সত্য নয়’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

করোনায় আক্রান্ত খালেদা জিয়া ক’দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

 

ফখরুল জানান, তিনি সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *