সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাশঁঝাড়ের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা এক যুবক (১৮) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মে রবিবার বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের বাঙালী নদীর পার্শ্বে বাঁশঝাড়ের ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির পরনে ছিলো নীল গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় গামছা পেচাঁনো ছিলো। তবে পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়নি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় ও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
