নজর২৪, গোপালগঞ্জ- গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক রজব মুন্সীর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।
করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধানকাটা শ্রমিকের সংকট দেখা দেওয়ায় সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ৩০ সদস্যের ছাত্রলীগ কর্মীদের একটি দল রজব মুন্সীর ১৭ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।
কৃষক রজব মুন্সী বলেন, আমি দরিদ্র মানুষ। ধান কাটতে পারছিলাম না। ধান জমিতে পেকে গেছে কিন্তু কাটার জন্য লোক পাচ্ছিলাম না। এরই মধ্যে ছাত্রলীগ নেতা নিউটন মোল্লার সাথে কথা হলে তিনি তার লোকজন নিয়ে আমার ১৭ কাটা জমির ধান কেটে দিলেন। এতে আমার প্রায় ২ হাজার টাকার উপকার হয়েছে। আল্লাহর কাছে আমি দোয়া করি ছাত্রলীগ যেন এভাবে সবার উপকার করতে পারে।
জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কৃষকদের পাশে আমরা থাকবো। যারা শ্রমিকের অভাবে জমির ফসল ঘরে আনতে পারছেন না তাদের জন্য গোপালগঞ্জ ছাত্রলীগ আছে। শুধু আমাকে জানালে আমি আমার কর্মী বাহিনী নিয়ে সেখানে হাজির হবো।





