বগুড়ায় গাঁজাসহ ১৩ মাদক মামলার ২ আসামী গ্রেফতার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩টি মাদক মামলার দুই আসামীকে গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ। ১৭ এপ্রিল শনিবার দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আড়কাটিয়া উত্তরপাড়ার জালাল উদ্দিনের ছেলে বিটল সরকার (৪০) ও কালেরপাড়া পূর্বপাড়ার কালিপদ রবিদাসের ছেলে লিটন রবিদাস (৪৫)। শুক্রবার রাতে মাদক কারবারি বিটল সরকারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

থানা সূত্রে জানা গেছে, উপজেলায় শতাধিক মাদক কারবারিকে গ্রেফতারের টার্গেট নিয়ে ১ এপ্রিল থেকে পুলিশ অভিযানে মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারি বিটল সরকার ও লিটন রবিদাসকে গ্রেফতার করেছে। তারা মাদকসেবীদের নিকট গাঁজা বিক্রয় করছিল। এসময় তাদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলা সহ ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিটল সরকারের বিরুদ্ধে ৮টি এবং লিটন রবিদাসের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের হয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, থানার তালিকা অনুযায়ী মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ পর্যন্ত ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *