লকডাউনে জমজমাট জুয়ার আসর, আটক ৪

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: লকডাউনের মধ্যে বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে জমজমাট জুয়ার আসর বসছে। সেই আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

১৭ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের একটি সবজি খেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।

 

জানা যায়, লকডাউনের মধ্যে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে স্থানীয় জুয়াড়িরা জমজমাট জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন।

 

এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে ১ হাজার ৭০০ টাকা, দুইটি তাসের প্যাকেট ও তাস খেলার কাজে ব্যবহৃত প্লাস্টিকের চট উদ্ধার করে।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সিংড়াপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের মৃত হাদনের ছেলে সামাদ (৩৮), একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ছানাউল (২৪) ও দমদমা গ্রামেরআব্দুস সালামের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান ও জুয়াবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *