মৌলবাদের সঙ্গে আপোস করলেই সর্বনাশ: শাহরিয়ার কবির

নজর২৪ ডেস্ক- হেফাজতের উত্থান ঘটলে আওয়ামী লীগের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে মন্তব্য করেছেন লেখক, গবেষক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।

 

তিনি বলেছেন, ‘হেফাজত নেতারা একাধিকবার বলেছেন, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন। এ কারণে আমি বারবার বলছি, মৌলবাদের সঙ্গে আপোস করলেই সর্বনাশ।’

 

শুক্রবার (০৯ এপ্রিল) এক অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

শাহরিয়ার কবির বলেন, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মামুনুল হক রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী। সেই অপরাধে তার বিচার করতে হবে। তা না করে যদি নারীঘটিত কারণে মামুনুল হকের বিচার করা হয়, তাহলে সেটা হবে দুঃখজনক।

 

‘নারীঘটিত কারণে হেফাজত নেতাদের আটক করলে তা হবে, তাদের ছেড়ে দেয়ার জন্য আটক করা। তারা সন্ত্রাস করেছে। তাণ্ডব চালাতে হুকুম দিয়েছে। সরকার যদি যথাযথ উপায়ে মামলা দায়ের করে, তাহলেই বোঝা যাবে হেফাজত ইস্যুতে সরকারের অবস্থান কী?’

 

তিনি বলেন, ‘সারাবিশ্বেই ডানপন্থার জয়জয়কার এবং আওয়ামী লীগ মনে করে এই নীতি মেনে নিয়েই রাজনীতি করতে হবে। আমি মনে করি, ইসলামপন্থীদের সঙ্গে চলা হবে আত্মঘাতী হওয়ার শামিল। আর এটি ১৯৭১ সালেই মীমাংসা হয়ে গেছে। ইতিহাসের চাকা কখনো উল্টে দেয়া যায় না। কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়া যায় হয়তো। কিন্তু প্রগতির চাকা সব সময় সামনের দিকে এগিয়ে যায়। জোর করে আটকে দিলেই সব সময় থেমে থাকবে না।’

 

শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশের বাস্তবতার সঙ্গে পৃথিবীর অন্য দেশের তুলনা করতে পারবেন না। এই দেশে ১৯৭১ সালে ইসলামের নামে ৩০ লাখ মানুষকে হত্যা করার বৈধতা দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এটি জানে। এমন অভিজ্ঞতা আর কারও নেই। মিশরে ব্রাদারহুড নিষিদ্ধ করা যত কঠিন, তার চেয়ে অনেক সহজ জামায়াতকে নিষিদ্ধ করা। বঙ্গবন্ধু নিষিদ্ধ করে তা প্রমাণ করেছেন।’

 

‘জামায়াতের অর্থনীতির পাইপলাইন কেটে দিতে পারলেই তাদের আর শক্তি থাকবে না। নিষিদ্ধ হলে তারা সন্ত্রাসী সংগঠন হতে পারে বড় জোর। কিন্তু তাতে শক্তি মিলবে না। জামায়াত থাকলে এখানে সুষ্ঠু কোনো সমাজ থাকবে না। এটি সরকার না বুঝলে হেফাজতের শক্তিও ঠেকানো যাবে না’—বলেন শাহরিয়ার কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *