হাসপাতালে বেড বসানোর এক ইঞ্চি জায়গাও নেই: স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশংকা প্রকাশ করেছেন, লকডাউনের সময় স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

তিনি বলেন, ২ হাজারের জায়গায় যদি ৫০ হাজার মানুষ সংক্রমিত হয়ে যায় তাহলে সরকারের পক্ষে সেটির সংকুলান করা সম্ভব হবে না।

 

মঙ্গলবার মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ভবনকে কোভিড-১৯ চিকিৎসার জন্য ১ হাজার ২০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২ হাজার ৫০০ শয্যা দ্বিগুণ করে ৫ হাজার করা হয়েছে। শিগগিরই আরো ১ হাজার ২০০ শয্যা যোগ হবে। এছাড়া বেসরকারি হাসপাতালে ১ হাজার শয্যা আছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় বিষয় আমরা ৫ হাজার বেড করলাম। এরপরে তো আর এক ইঞ্চি জায়গাও নাই যেখানে আপনি আরেকটা বেড রাখতে পারবেন। তখন বেডটা কোথায় দিবো? আপনাদের বাড়ি-ঘরে তো বেড নিয়া গেলে হবে না।’

 

জাহিদ মালেক জানান, টিকার জন্য সরকার প্রতিনিয়ত তাগাদা দিচ্ছে, চলতি মাসেই আরও টিকা পাওয়া যাবে।

 

“টিকা কার্যক্রম চলমান আছে। সামনে সেকেন্ড ডোজ দেওয়া হবে। বেক্সিমকো আমাদের আশ্বস্ত করেছে এ মাসেই টিকা পাব। হয়ত দু-চার দিনের মধ্যেই। এজন্য আমরা তাদের প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি।

 

“আমরা দেশেও টিকা তৈরির চেষ্টা করছি। টিকা তৈরির যে প্রযুক্তি লাগে সেটা আনার চেষ্টা করছি। আলোচনা হচ্ছে অন্যান্য দেশ থেকেও আনার।”

 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমসহ অন্য কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *