Home জাতীয় কোরবানির ছুরি নিয়ে রাজনীতি করার কিছু নেই: মাওলানা মামুনুল হক

কোরবানির ছুরি নিয়ে রাজনীতি করার কিছু নেই: মাওলানা মামুনুল হক

0
74
mamunul

নজর২৪, ঢাকা- মোদিবিরোধী কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হতাহতের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

শুক্রবার বাদ জুমা সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক বলেন, বন্দুকের নল বা চোখ রাঙানি দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন, এমনটা কেউ চিন্তা করে থাকলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।

 

বুহস্পতিবার ঢাকার দুটি মসজিদ থেকে ৫৯০টি ছুরি উদ্ধার নিয়েও এসময়য় কথা বলেন মামুনুল। পুলিশের অভিযান নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি চটেছেন গণমাধ্যমের ওপর।

 

হেফাজতে ইসলামকে কলঙ্কিত করার জন্য নতুন নতুন নাটক সাজানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘মাদ্রাসাগুলোতে সংরক্ষিত কোরবানির ছুরিগুলো কোন কাজে লাগে জানেন না? এগুলো দিয়ে কী করা হয় আপনারা টের পান না?

 

‘আপনারা যে তামাশা শুরু করেছেন, আগামী দিনে কওমি মাদ্রাসার ছাত্ররা কোরবানির দিনের যে সার্ভিস দেয় সেটা হয়তো বন্ধ করে দিতে হবে। তখন হয়তো আমরা কোরবানির ছুরিগুলো সংরক্ষণ করব না।’

 

মাওলানা মামুনুল হক বলেন, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। সংবাদমাধ্যমের কাছ থেকে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা আশা করি। তাদের দায়িত্ব, যেকোনো ঘটনা যথাযথভাবে তুলে ধরা।

 

হেফাজতে ইসলাম কারও তল্পিবাহক নয় উল্লেখ করে মামুনুল বলেন, ‘আপনার মনের মতো হলো না। বলে দিলেন হেফাজত বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করেছে। আপনার ভালো লাগল না বলে দিলেন, হেফাজত সরকারের দালালি করছে। কিন্তু হেফাজতে ইসলাম নিজস্ব শক্তির বলে আল্লাহর পথে রয়েছে।

 

‘হেফাজত যখনই ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে দেখবে, কারও রক্তচক্ষুর পরোয়া করবে না, রাজপথে নেমে আসবে।’

 

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব নিয়ে সংবাদ প্রকাশ করার সমালোচনা করে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মামুনুল বলেন, ‘সংসদ সদস্যের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না। শতবর্ষী বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যারা হামলা করল তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না। আপনারা পারেন হেফাজতে ইসলামের কল্পিত কাহিনি রচনা করতে।

 

‘মিডিয়াকর্মীদের বলব, আপনারা অনেক শক্তিশালী আমরা মানি। মিডিয়া শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও মানি। আপনারা যতই প্রভাবশালী হোন, যতই শক্তিশালী হোন, যতই পরিবেশ-পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি নেই। ইসলামের বিপক্ষে আপনারা অবস্থান গ্রহণ করছেন।

 

‘আপনাদের অনুরোধ করি ২০১৩ সাল থেকে তো চেষ্টা করছেন, হেফাজতে ইসলামকে মাইনাস করবার। আপনারা যত চেষ্টা করছেন, আপনাদের সকল অপচেষ্টার জবাব দিচ্ছে আল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here