নজর২৪, নারায়ণগঞ্জ- ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ।
শনিবার (২৭ মার্চ) বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মৌলবাদীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
জানা গেছে, জেলা ও মহানগর যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী শনিবার বিকাল ৩টায় চাষাঢ়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ডিআইটি হয়ে ২নং রেলগেট এসে শেষ করেন। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাৎ মো. শহীদ বাদল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।
সেখানে যুবলীগ নেতারা বলেন, মোদিবিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা ছড়ানো হচ্ছে তা শুধুমাত্র দেশে অরাজকতা সৃষ্টির নীলনকশার অংশ। আওয়ামী লীগের জন্ম জেলা নারায়ণগঞ্জে মৌলবাদীদের হরতালের নামে এ আস্ফালন সহ্য করা হবে না এবং করতেও দেয়া হবে না।
এর আগে শনিবার দুপুরে নগরীর ডিআইটি জামে মসজিদে কড়া পুলিশ প্রহরায় পথসভা করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতের নেতাকর্মীরা। সেখান থেকে রোববারের হরতাল সফল করতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা।
পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে থাকারও আহবান জানিয়েছেন হেফাজতের নেতারা। তবে হরতাল নিয়ে সরকারি দল ও হেফাজতের এ মুখোমুখি অবস্থান নিয়ে বেশ শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সন্ধ্যা থেকেই পুরো শহরে থমথমে পরিবেশ বিরাজ করছিল।
