নজর২৪ ডেস্ক- করোনার ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
তিনি আরো বলেন, ভ্যাকসিন নেওয়ার পর ধারণা হয়েছে ‘আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না’। বিষয়টি আসলে তা নয়। ভ্যাকসিন নেওয়া হলেই সঙ্গে সঙ্গে করোনা মুক্ত হওয়া যায় না।
শনিবার (১৩ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলে সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
তিনি বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর গাইড লাইন অনুযায়ী সকলেই করোনা মোকাবিলায় কাজ করেছি। করোনা মোকাবিলায় প্রথমত মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি। কিন্তু মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরত্ব বজায় রাখছি না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ মানুষকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ। সিরাম থেকে কেনা টিকার তৃতীয় চালান আসবে চলতি মাসেই। এ ছাড়াও জুনের মধ্যে পর্যায়ক্রমে কোভ্যাক্সের এক কোটি নয় লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
জাহিদ মালেক বলেন, টিকার জন্য ৫৩ লাখেরও বেশি নিবন্ধন হয়েছে। ৪১ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকার দুটি ডোজ দেওয়া হয় একজনকে। সে হিসেবে দুই কোটি ডোজ দিয়ে ১ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যতো মানুষকে টিকা দেওয়া হয়েছে, প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গায় কোনো অঘটন ঘটেনি। সরকার এখন যে টিকা দিচ্ছে এবং ভবিষ্যতে যা দেবে, তা পুরোটাই বিনামূল্যে থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে। এর আগেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দেওয়া হবে।
