‘যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’

নজর২৪, ঢাকা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা নেয়ার ‘অভিনয়’র একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মন্ত্রী করোনা ভাইরাসের টিকা নেননি বলে দাবি করা হচ্ছে।

 

তবে, মন্ত্রীর দাবি তিনি টিকা নিয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওটি এডিট করা। এ বিষয়টি মন্ত্রীর নজরে এলে শনিবার (১৩ মার্চ) একটি বিবৃতি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

 

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে ভিডিও এডিট করে মন্ত্রী টিকা নেননি বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়।

 

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ সচিবালয় ক্লিনিক ভবনে করোনা টিকা গ্রহণ করেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেয়ার কক্ষে স্থান সংকুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। পরে ক্যামেরা পারসনরা অনুরোধ করলে মন্ত্রী টিকা নেয়ার পর তাদের ছবি ও ভিডিও নেয়ার সুযোগ দেন।

 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও এডিট করে মন্ত্রী টিকা নেননি বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তা স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের মুক্তিযুদ্ধ মন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অংশ বলে মন্ত্রী উল্লেখ করেছেন।

 

ভিডিও সম্পাদন করে এ ধরনের মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, ‘কে কারা টিকা নেয়ার ভিডিও নকল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হবে।’

 

এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআরডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট।

 

সংস্থাটির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘ভিডিওর বিষয়ে আমরা জানতে পেরেছি। ভিডিওটি রিমুভের জন্য আমরা ফেসবুক ও ইউটিউবকে জানাচ্ছি। এটা কে বা কারা ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।’

 

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, “১৭ তারিখে (১৭ ফেব্রুয়ারি) আমি টিকা নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু টিকা নেওয়ার ‘ডেমো’করি। মূলত তার অনুরোধেই আবার একটু টিকা নেওয়ার ডেমো করতে হয়েছে।”

 

মন্ত্রী বলেন, ‘আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভির কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি টিকা নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *