টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী, ভাইরাল ভিডিওটি ভুয়া

নজর২৪ ডেস্ক- গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রীর ভ্যাকসিন নেয়ার ভিডিওটি গণমাধ্যমের কাছে সংরক্ষিত আছে। যদিও তার টিকা নেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে অনলাইনে-অফলাইনে চলছে সমালোচনার ঝড়।

 

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি সাড়ে সকাল ১০টায় ভ্যাকসিন গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। ওই সময় মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, প্রথমে মন্ত্রী ভ্যাকসিন গ্রহণ করেন, সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন সাংবাদিকরা। পরে একজন গণমাধ্যমকর্মী ফুটেজ পাননি উল্লেখ করে মন্ত্রীর কাছে পুনরায় ভিডিও নেয়ার জন্য আরেকবার ভ্যাকসিন দেয়ার চিত্র ধারণের সুযোগ চেয়ে অনুরোধ করেন। এসময় মন্ত্রী পুনরায় সাংবাদিকের সুবিধার্থে বসে ভ্যাকসিন নেয়ার ফুটেজ নিতে সহায়তা করেন।

 

সেসময় টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে মন্ত্রী বলেন, খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। কোনো রকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা পাওয়া এমন কিছুই নয়। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছে। আমার ভ্যাকসিন নেয়ার তারিখ আগে ছিল, জ্বরের কারণে আমি প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিয়ে নিলাম।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী ভ্যাকসিন নিচ্ছেন না- এমন একটি ভুয়া ভিডিও আজ শনিবার ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, “১৭ তারিখে (১৭ ফেব্রুয়ারি) আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু ভ্যাকসিন নেওয়ার ডেমো করতে হয়েছে।”

 

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভি’র কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।

 

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় ক্লিনিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সচিব তপন কান্তি ঘোষ ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছিল মন্ত্রণালয়। সব গণমাধ্যমেই সে খবর প্রকাশ পেয়েছিল।

 

তবে শনিবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নানের সঙ্গে সংসদ সচিবালয় ক্লিনিকের কোভিড ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন আ ক ম মোজাম্মেল হক। কিছুক্ষণ পর তারা একটি রুমে প্রবেশ করেন। এসময় মন্ত্রী চেয়ারে বসলে একজন নার্স একটি সিরিঞ্জ নিয়ে তার বাম হাতে ভ্যাকসিন প্রয়োগের অভিনয় করেন। এসময় হাসিমুখে চেয়ারে বসেছিলেন মন্ত্রী। পরে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গ কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলছেন, এই অভিনয়টুকু করলেও এর আগেই ভ্যাকসিন নিয়েছেন তিনি। গণমাধ্যমের অনুরোধ ফেলতে না পেরেই তিনি এই অভিনয় করেছেন।

 

যোগাযোগ করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও জানান, মন্ত্রী ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, সেদিন আমরা দু’জনেই ভ্যাকসিন নিয়েছি। মন্ত্রী আমার আগেই ভ্যাকসিন নিয়েছেন। উনি নেওয়ার পর আমি নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *