রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপরে ডিবি পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাঁদা দাবির সময় মোঃ শহিদুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) তাকে শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়। আটককৃত ডিবি পরিচয় দানকারী শহিদুল ইসলাম শাহজাদপুর উপজেলার ধর জামতৈল গ্রামের মৃত মোজম্মেল হকের পুত্র।
জানাযায়, রবিবর (৩১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা বাজারে আটক শহিদুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। স্থানীয়দের সন্দেহ হলে তারা শহিদুলকে আটক করে।
এসময় এএসআই নাজমুল হোসাইন ঐ সড়কদিয়ে যাওয়ার সময় বিষয়টি তার নজরে আসে। পরে তিনি শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে তিনি কোন ডিবি সদস্য না।
পরে এএসআই নাজমুল হোসাইন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শহিদুল ইসলামকে তাকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয়, এই বিষয়ে থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
ভূক্তভোগী জনৈক রঞ্জন হোসেন জানান, আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলাম আমার গতিরোধ করে গাড়ির কাগজপত্র দেখতে চায়। তাকে সন্দেহ হলে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা কথা শুরু করে দেয়।
এলাকাবাসী জানায়, ডিবি পুলিশ পরিচয়দানকারী শহিদুল ইসলামের কথাবার্তায় মনে হয়েছে যে তার মানুষিক সমস্যা থাকতে পারে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আট ভুয়া ডিবি সদস্যকে শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
