‘যত ভ্যাকসিন বাজারে, দেশের গবেষকরা ছয় মাসে তা তৈরি করতে পারবে’

নজর২৪ ডেস্ক- গবেষণায় পর্যাপ্ত বিনিয়োগ করলে দেশের তরুণ গবেষকরা ছয় মাসের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

তিনি বলেন, ‘শুধু ব্যবসায়ীদের দিকে নজর না দিয়ে গবেষণার দিকে নজর দিন। গবেষণার দিকে নজর দিলে করোনাভাইরাস নিয়ে ব্যাপক আকারে গবেষণা করা যাবে। বিশ্বে যতগুলো ভ্যাকসিনের নাম শোনা যাচ্ছে, বাংলাদেশের তরুণ গবেষকেরা আগামী ছয় মাসের মধ্যে তার সবগুলো তৈরি করে ফেলতে পারবে।’

 

সোমবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের গবেষকদের কিছু গবেষণার তথ্যও তুলে ধরেন।

 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু ব্যবসায়ীদের দিকে নজর না দিয়ে গবেষণার দিকে নজর দিতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়কে গবেষণার সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে বিদেশ থেকেও গবেষক আনা যেতে পারে। তিনি জনপ্রতি মাত্র ৩ ডলার গবেষণার জন্য বিনিয়োগ করতে হবে।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান মামুন মোস্তাফী, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রায়েদ জমিরউদ্দিন, গণস্বাস্থ্যের করোনা কিটের সমন্বয়ক এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ।

 

মতবিনিময় সভায় গবেষকেরা বলেন, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসসদৃশ ধরন পাওয়া গেছে। পরিবর্তন যেকোনো ভাইরাসের সাধারণ একটি বৈশিষ্ট্য। ভাইরাস প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য পরিবর্তন করে। করোনাভাইরাস প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করবে। একই সঙ্গে টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোকেও করোনাভাইরাসের ভ্যাকসিনের চরিত্র পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *