বরযাত্রীবাহী গাড়িতে সাবেক প্রেমিকের হামলা, বরসহ আহত ৩

ষ্টাফ রিপোর্টার- ময়মনসিংহে বরযাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বর, বরের মা ও এক মামা। অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বরযাত্রীবাহী গাড়িটি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোদারপুরে গাড়ির গতিরোধ করে হামলা করে সাবেক প্রেমিক মিনহাজ মিয়া নামের এক যুবক।

 

হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

জানা যায়, বর ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। রেদোয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার। গত শনিবার (২৩ জানুয়ারি) পারিবারিকভাবে রোদোয়ান ও রত্নার বিয়ে সম্পন্ন হলেও, বুধবার আনুষ্ঠানিকভাবে হবু স্ত্রীকে তুলে আনার কথা ছিলো।

 

এদিকে, মিনহাজের সঙ্গে নববধূর পূর্বে ছিলো প্রেমের সম্পর্ক।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, বরযাত্রীবাহি গাড়িতে হামলার ঘটনায় নাঈম ও সুজন নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *