মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান এর নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ সহ এজাহার নামীয় ২৫ ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় আজ সন্ধায় মামলা করেন। মামলা দায়েরের পর পরই শহরের সাথীরমোড় নামক স্থান থেকে মামলার প্রাধান আসমী আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ওসি আলী আহমেদ।
আটক গোলাম মোস্তফা ফিরোজ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলো বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানায়।উল্লেখ্য গতকাল গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রাধান আসামী গোলাম মোস্তফা ফিরোজ কে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
