উত্তপ্ত গাইবান্ধা: পুলিশের গাড়িতে আগুন, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নজর২৪, গাইবান্ধা- দিনভর শান্তিপূর্ণ নির্বাচন হলেও সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে উঠে গাইবান্ধা পৌরসভা নির্বাচনী এলাকা। নির্বাচনের ফলাফল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পূর্ব কোমরনই মিয়া পাড়ায় নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

এতে র‍্যাবের তিন সদস্য, ডিবির তিন, পুলিশের দুই ও ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ বেশ কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছেন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন এবং র‌্যাবের দু’টি, পুলিশের একটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

 

জানা যায়, গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল না দিয়ে ব্যালট পেপার নির্বাচন অফিসে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে উত্তেজিত জনতা নির্বাচনি সরঞ্জামা আটকে দেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজিত জনতার সাথে সন্ধ্যা ৬টা থেকে ২ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কিছু রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় একজন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য বেশ কজন এলাকাবাসী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যালট পেপারসহ নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্ধার করা হয়।

 

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, পুলিশের রিকুইজিশন করা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, হামলাকারীরা পরিকল্পিত ভাবে র‌্যাবের গাড়ি সহ অন্যান্য গাড়িতে হামলা ভাঙচুর করা হয়। এসময় পুলিশের ব্যবহৃত একটি লেগুনায় তারা আগুন দেয়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *