Home দেশের খবর শেরপুরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শেরপুরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
107

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের নালিতাবাড়ীতে পাথরবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী ট্রলির মুখোমুখি সংঘর্ষে শফিউদ্দিন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

আহত হয়েছেন অন্তত আরও চার জন। দুমড়ে-মুচড়ে গেছে সংঘর্ষের শিকার ট্রাক-ট্রলির সাথে জড়িয়ে পড়া আরও দুই ব্যাটারিটচালিত অটোরিকশা।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের রাজনগর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শফিউদ্দিন রাজনগর গ্রামের বাসিন্দা। তিনি তার এক স্বজনের জানাযার নামাজ ও দাফন কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহেমদ বকুল জানান, বেলা সাড়ে বারোটার দিকে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী একটি নুড়িপাথরবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় পাশ দিয়ে ও পেছন দিক দিয়ে আসা আরও দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই ট্রলি ও ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়।

 

সেইসাথে নুড়িপাথরবাহী ট্রাকটিও উল্টো যায়। এতে স্বজনের জানাযা শেষে বাড়িতে আসা অটোরিকশাযাত্রী রাজনগর গ্রামের বৃদ্ধ শফিউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন অটোরিকশার চালকসহ আরও চার জন। এরমধ্যে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন। এছাড়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে আরও একজন।

 

এদিকে দুর্ঘটনার পর নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here