নজর২৪, ঢাকা- ‘বিজয় পেয়েছি, তবে আমাদের মুক্তি মেলেনি। আর সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় দিবসে আজ বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আজ আমরা সেজন্য শপথগ্রহণ করেছি।’
তিনি বলেন, দেশে মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বিজয় দিবসে আমরা শপথ নিয়েছি গণতন্ত্রমুক্ত করবার জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, দেশের মানুষকে মুক্তি করবার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।
বিএনপি মহাসচিব বলেন, ইনশাল্লাহ অবশ্যই আমরা বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। বিজয় পেয়েছি, তবে মুক্তি আমাদের মেলেনি। আমরা মুক্তির জন্যই সংগ্রাম করবো।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
