নজর২৪ ডেস্ক- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আলেমরা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। তাদের এসব বিতর্কে জড়ানো উচিত নয়। মাদ্রাসার লোকেরা কেন বলাৎকারে জড়িত? কেন যৌন নিপীড়ন করে? এর থেকে কীভাবে জাতিকে রক্ষা করা যায়, এসব ব্যাপারে হেদায়েত করতে যাওয়া উচিত।’
বুধবার (২ ডিসেম্বর) সকালে বেসরকারি টেলিভিশন ডিবিসির একটি প্রতিবেদনে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। প্রতিবেদনটি ডিবিসির ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
ভাস্কর্য ইস্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যার ভাস্কর্যই হোক না কেন, ভাস্কর্য ভাস্কর্যই। এটা নিয়ে আমাদের আলেমরা একটা ভুল কাজ করছেন।
আমি মনে করি আলেমরা জ্ঞানী মানুষ। তারা আমাদের শ্রদ্ধেয়জন। তাদেরকে প্রভাবান্বিত করেছে কে তা আমরা জানি না। তবে লোকে সন্দেহ করছে যে এত বড় ভুল কাজ তারা কেন করবে?
তিনি আরও বলেন, ভাস্কর্য আর মূর্তি তো এক কথা নয়। তাদের উচিত হবে মানবিক কাজ করা।
