ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি । বিশ্রাম নিচ্ছেন। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরসহ নানা বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘ব্যস্ততার পুরোটাই খন্ড নাটক নিয়ে। আগামী ১০ তারিখ থেকে শুটিং শুরু। চলবে ২১ তারিখ পর্যন্ত। নাটকগুলোর একটিতে আমার সঙ্গে আছেন মুশফিক আর ফারহান। নিলয় আলমগীর ও খায়রুল বাশারের সঙ্গে করছি দুটি করে নাটক।’
এদিকে বছর করছে যাই যাই। সেদিকেও খেয়াল আছে মাহির। কোথায় উদযাপন করবেন থার্টি ফার্স্ট নাইট— এরইমধ্যে সেরেছেন পরিকল্পনা। বললেন, ‘থার্টি ফার্স্টটা দেশের বাইরে কাটানোর প্ল্যান আছে। ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। সম্ভবত ব্যাংকক থাকব ওই সময়।’
ছোটপর্দার বড় তারকা মাহি। অনুরাগীর সংখ্যাও অন্যদের তুলনায় বেশি। তবে প্রিয় তারকাকে শুধু নাটকে দেখে মন ভরছে না তাদের। সিনেমায় চান তারা। মাহি কবে ভক্তদের এই আশা মেটাবেন— জবাবে তিনি বলেন, ‘এখন দারুণ দারণ সিনেমা হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই করব। তবে এটা নির্ভর করছে ভালো গল্প ও টিমের ওপর। সবাই চায় তার প্রথম কাজটি খুব ভালো হোক। আমিও এর ব্যতিক্রম নই। অপেক্ষায় আছি। ব্যাটে বলে মিললেই করব। এরইমধ্যে একটি কাজের ব্যাপারে কথা হয়েছে। তবে ওই টিম অন্য একটি সিনেমা নিয়ে ব্যস্ত। সেটি হলেই এটা নিয়ে নামবে তারা। এখনও স্ক্রিপ্ট নিয়ে বসা হয়নি। চূড়ান্ত আলোচনা হলে বোঝা যাবে।’
