ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার প্রথম অভিনয় দেখে দর্শক-সমালোচকরা মুগ্ধতা প্রকাশ করছেন। কিন্তু জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান ফারুকীকে অভিনয়ে উৎসাহ না দিয়ে উল্টো পরামর্শ দিলেন অভিনয়ে না আসার।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে ফারুকীকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন তারিক। ওই পোস্ট দেখে জানা যায়, চরকিতে মুক্তি পাওয়া ফারুকী অভিনীত ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি‘ দেখেছেন তিনি। এরপরই তারিক ফেসবুকে তার মতামত জানান।

আরও পড়ুন-

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া

যার সারমর্ম এই যে, অভিনেত্রী হিসেবে তিশার অভিনয় বরাবরই প্রশংসনীয়। কিন্তু ফারুকীর অভিনয় দেখে তারিক বলেন, ফারুকীর সাথেও কাজ হয়েছে আমার। কিন্তু এ রূপে ওকে ভাবিনি, দেখিওনি। এরপরই তারিক জানান, ভালো অভিনয় করলেও ফারুকী চিন্তায়, মননে, বুদ্ধিমত্তায় একজন সৃজনশীল নির্মাতা।

এই গুণী অভিনেতা লেখেন, ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ দেখতে বসেছিলাম অনেকটাই নিস্পৃহতা আর নির্লিপ্ততা নিয়ে। কয়েকদিন এর আলোচনা, গল্পের শিরোনাম এসব দেখেই মনে হচ্ছিল ওদের (ফারুকী-তিশা) প্রেম কাহিনী, ইত্যাদি, ইত্যাদি। অস্বীকার করবো না – শুরুতে আগ্রহে কিছুটা ভাটার টানও লেগেছিল।

একটি দৃশ্যের রেশ টেনে এই অভিনেতা লেখেন, বন্দুকের আওয়াজ (বাজি, পটকা হলেও আমার কাছে তাই মনে হচ্ছিল) নাড়িয়ে দিল। ফারহান (গল্পে ফারুকী) এর মত মনে হচ্ছিল চিৎকার করে হাতে লাঠি নিয়ে বলি ‘বন্ধ কর অসভ্যতা’। প্রেমের গল্প এক আওয়াজে নিয়ে গেল অন্য জায়গায়! শেষে তো বিদ্রোহী আর অপরাধী করে আটকে রেখে গেল এক কারাগারে। সমাজ মানুষ ক্ষমতা অন্যায় অক্ষমতা প্রতিবাদ – নীরবতা – The rest is silence. কান্না পায় আর বিদ্রোহ করতে ইচ্ছে করে।

গল্পের অভিনয় শিল্পীদের নিয়েও কথা বলেছেন তারিক আনাম খান। শুরুতেই নুসরাত ইমরোজ তিশার বিষয়ে তিনি লেখেন, তিশাকে অনেক আগে থেকেই চিনি জানি। অনেক কাজ করেছি, করিয়েছি একসঙ্গে। বরাবর একজন সিরিয়াস, নিষ্ঠাবান, পরিশ্রমী অভিনয় শিল্পী। তিশা নিঃসন্দেহে এখন অনেক পরিণত। ছোট ছোট মূহুর্ত তৈরীতে অনবদ্য।

আরও পড়ুন-

আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ফারুকীকে অভিনেতা না হওয়ার পরামর্শ দিয়ে তারিক আনাম লিখেছেন, ফারুকীর সঙ্গেও কাজ হয়েছে। কিন্তু এরূপে ওকে ভাবিনি দেখিওনি। প্রথমে স্বচ্ছন্দ, বন্দুকের আওয়াজের পর থেকে চোখে শরীরে বিদ্রোহ, বেদনা, আপোষ, ভালোবাসা মিলে একাকার। তবে অভিনেতা হয়ো না কারণ নির্মাতা হিসেবে তুমি এখন চিন্তায়, মননে, বুদ্ধিমত্তায় অনেক অনেক পরিণত।

সবশেষে তারিক আনাম খান লিখেছেন, বলা বাহুল্য এটি কোনও রিভিউ নয়, একেবারেই ব্যক্তিগত অনুভূতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *