রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই দেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভাল নয়, বিএনপির কাছে পাকিস্তান ভাল। বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর থাকার লাগে থাকবে। কিন্তু পাকিস্তানের চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাই এর সভাপতিত্বে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোন অস্তিৃত্ব নেই। বঙ্গবন্ধু যাতে সবার হয় সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়। আমাদের এতে ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই। এতে আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আওয়ামীলীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোন গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়, বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরো বলেন, আমার নেত্রীর (শেখ হাসিনা) সাথে কথা হয়েছে। তারও প্রচুর সমস্যা আছে। তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারেন না। কিছুটা সমস্যা আছে।
এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন, দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।
এসএইচ
