তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগসূত্রে জানা যায়, গত ২০ মে রাতে ভিকটিম গোবিন্দাসী শহিদুলের গরুর খামারে ঘুমিয়ে ছিল। কুকাদাইর গ্রামের হাছেন আলী তালুকদারের ছেলে সাবেক মেম্বার আনোয়ার হোসেন (৪৫) গভীর রাতে গরুর খামারে গিয়ে শিশুটিকে ডেকে তুলে হত্যার হুমকি দিয়ে একটু দূরে নিয়ে বলাৎকার করে। শিশুটির চিৎকার শুনে পথ দিয়ে যাওয়ার সময় একজন বাক প্রতিবন্ধী এগিয়ে যায় এবং সেও চেঁচামেচি করে। তার চেঁচামেচিতে খামারের শ্রমিকরা এসে শিশুটিকে উদ্ধার করে। এসময়ে আনোয়ার মেম্বার পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ তাকে গোবিন্দাসী এলাকা থেকে গ্রেফতার করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।





