কালীগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; কোটি টাকার ক্ষতি

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যবসায়ীর প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল ১০ টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শহরের থানা এলাকায় আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিক। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আল্লার দান ইলেকট্রনিক্সের মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার বাসা। সকালে গোসল করে এসে তিনি দোকানের সামনে এসে দেখতে পান ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *