পড়ে যাওয়ার মূল কারণটাই অনেকে জানেন না: নিরব

মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন। গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।

ঘটনা হলো, গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যার্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

মঞ্চে এমন অপ্রত্যাশিত ঘটনার পর ভক্তদের কাছে নিরব ও অপু বিশ্বাস অনুরোধ করেন এই ভিডিওটি ফেসবুকে না পোস্ট করতে। তাঁদের অনুরোধ মেনে অনেকেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেননি। কিন্তু ভক্তরা কেউ কেউ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করায় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। সেই ঘটনাটি নানাভাবে সংবাদমাধ্যমে এসেছে। এতে মনঃক্ষুণ্ন হয়ে নিরব বলেন, ‘পড়ে যাওয়ার মূল কারণটাই অনেকে জানেন না।’

কী কারণ ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, এ আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *