গাজীপুরের উন্নয়ন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ৬১ কাউন্সিলর।
রোববার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে কাউন্সিলরদের পক্ষ থেকে এ চিঠি জমা দেওয়া হয়।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম নিজেই। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ৬১ জন কাউন্সিলর আমাকে মেয়র পদে পুনর্বহাল করার আবেদন করেছেন। একটি অভিযোগের ভিত্তিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে সাময়িক বরখাস্ত করেছিল। নির্বাচিত মেয়রের অবর্তমানে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাই কাউন্সিলররা স্ব-উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন।
২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কথোপকথনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন দলীয় নেতা-কর্মীরা। এর জেরে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন জাহাঙ্গীর আলম। সাময়িক বরখাস্ত করা হয় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে।
তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের জাহাঙ্গীর আলমকে চলতি বছরের ২১ জানুয়ারি ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে এই ক্ষমা করার কথা জানানো হয়েছে।
