মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিক বাজারের যে ভবনে বিস্ফোরণ হলো তার ঠিক পাশেই ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা; ফলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও কর্মী আহত হওয়ায় ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে গতকাল বিস্ফোরণের পর আজ পুলিশের সঙ্গে কার্যালয়ে প্রবেশ করেছেন ব্যাংকের তিন কর্মকর্তা।
বুধবার সকাল ১১টার দিকে তারা ব্যাংকের কার্যালয়ে প্রবেশ করেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান।
তিনি জানান, ব্যাংকের কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশ করে সেখান থেকে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করে এনেছেন।
এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার আটজন কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।
তিনি বলেন, বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ভেঙে কর্মীরা আহত হয়েছেন। তবে কেউ গুরুতরভাবে আহত হননি।
গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৮ জনের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে।
