আমার জায়গা থেকে প্রত্যেকটা দিনই নারী দিবস: অপু বিশ্বাস

আজ আন্তর্জাতিক নারী দিবস। আর এই উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

নারীদের সম্মানে একটি বিশেষ দিন উৎসর্গ করা হয়েছে। এই দিনটিতে শুধুই নারীদেরকেই প্রাধান্য দেওয়া হয়। আর এটাকে নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি বলেই মনে করেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘আজকের এই দিনে সকল নারীদের অন্তরের অন্তঃস্থল থেকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি সকালটা শুরু হয় নারীদের হাত থেকে। ঘুম থেকে উঠেই নারী তাদের সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি মনে করি নারীরা এখন অনেক বেশি এগিয়ে গেছেন। সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একজন নারী থাকেন, আবার একজন মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন।’

অপু বিশ্বাসের অনুপ্রেরণা একজন নারী- উল্লেখ্য করে তিনি বলেন, ‘বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নারীদের পিছনে কেউ থাকে না। তারাও এগিয়ে যায়। সবাই হয়তো অকোপটে আমাকেই ভাবতে পারেন। এমন ঘটনা অপু বিশ্বাসের ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু এটা সত্যি কথা আমার সহযোগিতা আমার অনুপ্রেরণা একজন নারী। তিনি আমার মা। আর আজকের দিনে আমার চলার পথে তিনিই আমার পথপ্রদর্শক। বিশেষ করে আমার মেয়ে ভক্ত।’

‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখি আমার মেয়ে ভক্ত আমাকে বলে আপনি এগিয়ে যান। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার জায়গা থেকে প্রত্যেকটা দিনই নারী দিবস। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়। আমার ক্ষেত্রেও তাই। সন্তান, সংসার, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই এগিয়ে চলাটা একাই চলতে হয় প্রত্যেকটা নারীকে।’

এই অভিনেত্রী বলেন, ‘উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো কেউ কেউ বাড়াতে পারে সেটা স্বল্প সময়ের জন্য। নারীদের জীবনের যুদ্ধটা একাই করতে হয়। নারীদের সম্মানিত করার জন্য নারী দিবস করা হয়েছে। আমি মনে করি, নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি। সকল নারীদের জন্য রইলো শুভ কামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *