Home প্রধান খবর হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার পর যা বললেন সেই শিক্ষক

হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার পর যা বললেন সেই শিক্ষক

0
304

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মাইক্রোবাস উপহার দিয়েছেন হবিগঞ্জের এক স্কুলশিক্ষক। তার হাতে গাড়ির চাবি ও কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন ওই শিক্ষক। গাড়িটি নিজে ব্যবহার না করে রোগী সেবায় অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান নিজ বাড়িতে হিরো আলমের হাতে গাড়িটি বুঝিয়ে দেন।

এরপর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পরদিন তাকে আমার গাড়ি উপহার হিসেবে দিয়ে দেব। কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার। এতে কিছুটা কষ্ট পেয়েছি আমি।

ওই শিক্ষক আরও বলেন, সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন করতে চাইনি আমি। এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি আমি।

গাড়ি উপহার পাওয়ার পর হিরো আলম বলেন, ‘যাদের মন আছে তাদের অর্থ নেই। ভালোবাসার জিনিস অনেক বড় পাওনা। সিলেটবাসী প্রমাণ করল, তারা কথা দিলে কথা রাখে। গাড়িটি ভালোবাসার জিনিস। এই গাড়ি আমি ব্যবহার করব না। এটি দিয়ে রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘গাড়িতে ফোন নম্বর দেওয়া থাকবে। ফোন দিলে অসহায় মানুষকে এই গাড়ি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। জনগণের ভালোবাসায় এতদূর এসেছি। মানুষের সেবায় কাজ করে যেতে চাই।’

এর আগে এদিন দুপুর ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি পৌঁছান হিরো আলম। সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা মূল্যের নোহা মাইক্রোবাস গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মুখলিছুর রহমান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here