গাড়িটির নাম দিয়েছি জনতার অ্যাম্বুলেন্স: হিরো আলম

আলোচিত অভিনেতা হিরো আলমকে একটি গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের শিক্ষক এম মুখলিছুর রহমান। সে গাড়িটি তিনি আলমকে হস্তান্তর করেন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। গাড়িটি বুঝে পাওয়ার পর সেটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরের ঘোষণা দিয়েছেন হিরো আলম।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনুরঘাটে সে শিক্ষকের বাড়িতে যান আলম। সেখানে তাকে গাড়িটির চাবি বুঝিয়ে দেওয়া হয়। হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়।

এরপর এক প্রতিক্রিয়ায় শিক্ষক মুখলিছুর বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পরদিন তাকে আমার গাড়ি উপহার হিসেবে দিয়ে দেব। কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার। এতে কিছুটা কষ্ট পেয়েছি আমি।

ওই শিক্ষক আরও বলেন, সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন করতে চাইনি আমি। এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি আমি।

এদিকে গাড়ি উপহার পেয়ে মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হিরো আলম। সেখানে গাড়ির সামনে দাঁড়ানো নিজের একটি ছবি দিয়ে তিনি বলেন, একটি গাড়ি উপহার পেলাম। গাড়ি নাম জনতার অ্যাম্বুলেন্স এই গাড়িটি হবে নন্দীগ্রাম-কাহালু বগুড়া উপজেলার জনতার অ্যাম্বুলেন্স।

গাড়িটি বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) সংসদীয় আসনের জনগণের সেবায় কাজে লাগাবো। গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে জনগণের কল্যাণে ব্যবহার হবে। গরিব, অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষদের সেবায় এই উপহারটি (গাড়ি) উৎসর্গ করলাম।

আমি জনগণের সেবা করার ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যিনি (হবিগঞ্জের চুনারুঘাটের মাদ্রাসা শিক্ষক মুখলিছুর রহমান) আমাকে এই গাড়িটি উপহার দিয়েছেন, তার প্রতি নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সকল জনসাধারণ এবং হিরো আলমের সকল ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

বগুড়া-৪ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়েছে। আমি নির্বাচিত হলেও আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলাফল কেড়ে নেয়া হয়েছে। একটি শক্তি পরিকল্পিতভাবে আমার সঙ্গে অন্যায় করেছে, জনগণের সঙ্গে অন্যায় করেছে।

নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সম্মানিত সকল ভোটারদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আগামীতে জনগণ আমাকে তাদের প্রতিনিধি অবশ্যই করবে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *