ভুল বুঝতে পেরে শাকিবের বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন অপু

বছর সাতেক ধরে বিভিন্ন গণমাধ্যমে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন অপু বিশ্বাস। বিয়ে ও সন্তানের খবর আড়াল রাখার জেরে শাকিবকে কাঠগড়ায় তুলেন এই নায়িকা। এমনকি শাকিবের বাবা-মায়ের বিরুদ্ধেও তার অভিযোগ ছিলো বিস্তর।

অপু বিশ্বাস এখন মনে করেন, দেশের মানুষের কাছে তখন শাকিবকে ছোট করে মন্তব্য করা তার ঠিক হয়নি। এমনকি তার বাবা মায়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখন আর নেই অপু বিশ্বাসের মনে।

সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার সাবেক শ্বশুর-শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছেন।

তাদের প্রসঙ্গ তুলে অপু বলেন, অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলি বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল। আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। তাদের পেয়ে আমি ভাগ্যবান। আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন ওরাই।

সাক্ষাৎকারে এই নায়িকা অকপটে স্বীকার করেছেন, আজকে তার অপু বিশ্বাস হওয়ার নেপথ্যে শাকিব খানের অবদান সবচেয়ে বেশী। অপু বিশ্বাস বলেন, আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারে ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারাজীবন সেই সম্মান থাকবে।

সন্তান আব্রাহামকে শাকিব খান ও অপু বিশ্বাস মিলে দেখভাল করেন কি না- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, ‘আমাদের দুজনের কাছে এখনো আব্রাহামের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। আব্রাহাম জানে, ওর বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনো আমি ওকে স্কুলে পৌঁছে দিই, কখনো শাকিব ওকে নিয়ে আসে। এভাবেই চলছে।’

শাকিব খানের সঙ্গে বর্তমানে নিজের সম্পর্কের অবস্থার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেটা এখনই বলছি না। উহ্য থাক। সময় এলে সংবাদমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

শাকিব খানের বাড়িতে বাংলাদেশের অপর চিত্রনায়িকা বুবলির সন্তানের সঙ্গেই আব্রাহাম বেড়ে উঠছে কি না- এ বিষয়ে অপু বলেন, ‘আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের।’

চিত্রনায়ক শাকিবের সঙ্গে ওঠা গুঞ্জনের বিষয়ে অপু বিশ্বাস জানান, একজন সুপারস্টারকে নিয়ে গুঞ্জন না হলে সে কিসের সুপারস্টার? এটা তার কৃতিত্ব। এখনো তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে কিছু প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটে উঠবে কীভাবে?

অপু বিশ্বাসের এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর তিনি বেশ আলোচিত হচ্ছেন। কেউ কেউ করছেন সমালোচনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *