৬ বছর পর নতুন সিনেমায় ইরফান সাজ্জাদ

দীর্ঘ ৬ বছরের লম্বা বিরতি ভেঙ্গে আবারও চলচ্চিত্রে কাজ করতে চলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা নিয়ে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ইরফান সাজ্জাদ।

টেলিভিশনে নিয়মিত দেখা গেলেও ২০১৭ সালে তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার পর তাকে সিনেমায় দেখা যায়নি। এরমধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব আসলেও সেগুলো মনের মত হয়নি এ তারকার। অপেক্ষা করছিলেন ভালো গল্পের এবং চরিত্রের।

ইরফান সাজ্জাদ বলেন, ছবির প্রস্তাব আসলেও কেন জানি মনের মত পাচ্ছিলাম না। চাচ্ছিলাম এমন একটা ছবি করতে যার মাধ্যমে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণের সুযোগ থাকবে। এরপর অনম দা একদিন ডাকলেন, ছবির গল্প শোনালেন। অবশেষে মনে হলো কাজটি করার মতো।

জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে এবং চলতি বছরের শেষ দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থ বছরে অনুদান পাওয়া ‘ফুটবল ৭১’ সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথার পাশাপাশি থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। থাকবে কাজী সালাহউদ্দিনের চরিত্রটিও। ইরফান সাজ্জাদ ছাড়াও এখানে আরও অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, খায়রুল বাসার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *