সুখবর দিলেন চিত্রনায়িকা নিপুণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ আক্তার। সম্প্রতি ‘ভাগ্য’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সিনেমাটিতে নিপুণের নায়ক মুন্না খান।

এর আগেও এই জুটিকে ‘ধূসর কুয়াশা’ নামের সিনেমায় দেখা গিয়েছিল। মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে।

এ সিনেমা প্রসঙ্গে মুন্না বলেন, ‘ভালোভাবে সিনেমার কাজটি করার চেষ্টা করেছি। তাছাড়া নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে আমাদের রসায়নটা ভালো হয়েছে। আসছে ৩ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করছি মৌলিক গল্পের এই সিনেমাটি সব শ্রেণির দর্শকদের পছন্দের সিনেমা হবে।’

নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে নতুন আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো। তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে।’

‘ভাগ্য’ সিনেমার কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে সিনেমায় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *