নিজের আলোচিত ছবিগুলো নিয়ে মুখ খুললেন জয়া আহসান

সিনেমা নিয়ে আলোচনায় আসা তাঁর জন্য নতুন খবর নয়। ঢাকায় ‘ডুব সাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’; অন্যদিকে কলকাতায় ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’, ‘রোববার’সহ একাধিক সিনেমা দিয়ে নিজেকে বারবার ছাড়িয়ে গেছেন জয়া আহসান।

গত বছর থেকে এই অভিনেত্রী সিনেমার বাইরে ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন। বছরজুড়েই ভক্তরা নতুন এক জয়াকে দেখেছেন।

তবে জয়া আহসানের পোস্ট করা ছবিগুলো কি শুধুই ফটোশুট, নাকি নতুন কোনো সিনেমার লুক? কেন জয়া প্রতিবারই আলাদা লুকে ছবি পোস্ট করছেন। ছবিতে ওঠে আসা জয়ার পরিবর্তন কি বিশেষ কোনো কারণে?

এমন প্রশ্ন ছিল এবার জয়ার কাছে। শুনে সাধারণভাবেই জয়া বলতে থাকেন, ‘না না, এগুলো বিশেষ কারণে নয়। এগুলো সিনেমার লুকও নয়। এটাকে আমি সে রকম কিছু বলব না। একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে। নানা রকমের গেটআপে থাকতে হয়।

আর্টিস্টের তো আর মেল বা ফিমেল হয় না। যখন যেটা প্রয়োজন, সেভাবে তৈরি হতে হয়। সেই জায়গা থেকেই মাঝেমধ্যে ছবিগুলো পোস্ট করি। হয়তো বলতে পারেন, আমার ভালো লাগে, এসবই। তবে এগুলো একেবারেই সিনেমার কোনো লুক নয়।’

প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়, যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তাঁর সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাংঘি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

গত শনিবার শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এখনো ভারতে ব্যস্ত রয়েছেন। এ মাসেই ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *