কলকাতায় স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী মিথিলা। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলেন সৃজিত যেখানে সৃজিতের সঙ্গে রয়েছে তার স্ত্রী মিথিলা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
ছবিটি পোস্ট করে সৃজিত লিখেন, ‘পতি, পত্নী আর ও’। আর এতে টুইস্ট রয়েছে বলে ধারণা করছেন নেটিজেনরা।
এক দিকে বাস্তবে মিথিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সৃজিত। অন্য দিকে, আবার পেশাদার জীবনে অনির্বাণের সঙ্গে অনেক আগেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তাই এই ‘ও’ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে এই লেখার নেপথ্যে যে, শুধুই মজা লুকিয়ে আছে, তা বলার অবকাশ রাখে না।
এক ফ্রেমে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং রাফিয়াত রশিদ মিথিলা। ছবিটি দেখে দর্শকের মনে প্রশ্ন জাগতেই পারে এই ফ্রেমের মধ্যে আর নতুনত্ব কী আছে? সৃজিতের বহু ছবির মুখ তিনি। ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’,‘গুমনামী’— অনির্বাণ-সৃজিত জুটির এমন অনেক কাজ দর্শক দেখেছেন। তাই তাদের দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়া খুব নতুন কিছু নয়। আর স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের ছবি দেখা যাবে সেটাই তো স্বাভাবিক।
প্রসঙ্গত, ২০২২-এর প্রায় পুরো সময়টাই রাজ্যের বাইরে কাটিয়েছেন সৃজিত। ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে এই ক্রিসমাসে ঘরের ছেলে ঘরে ফিরেছেন। তাই তো কাছের মানুষদের সঙ্গে প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। কিছু দিন আগেই মেয়ে আয়রাকে নিয়ে যোগ দিয়েছিলেন ক্রিসমাস কয়্যারে। আর এ বার জীবনের দুই প্রিয় মানুষের সঙ্গে ফ্রেম ভাগ করে নিলেন।
