গল্পের কারণেই এক হলেন রোশান ও ভাবনা

প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং ছোট ও বড়পর্দার জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা। তাদের নিয়ে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন নাট্যনির্মাতা রায়হান খান।

রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে বুধবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে এই সিনেমার নাম ঘোষণা করেন নির্মাতা।

সিনেমাটিকে পুরোপুরি কমার্শিয়াল উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা রোমান্টিক-ইমোশনাল জনরার গল্প। সামাজিক দূরত্ব, অর্থনৈতিক ব্যবধান; এর মধ্যেই গল্পটা, একেবারেই রোমান্টিক।’

পরিচালক বলেন, সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন রোশান এবং ভাবনা। অন্যান্য চরিত্র এখনও আলোচনাধীন। সেগুলো আমরা পরে অবশ্যই জানাব। আশা করছি ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করতে পারব।

এ সময় ‘এক্সকিউজ মি’তে ভাবনা ও রোশানকে চুক্তিবদ্ধ করানোর বিষয়ে এ নির্মাতা বলেন, ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তাছাড়া আমার এই সিনেমার চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে।

রায়হান খান বলেন, নায়ক বা নায়িকা নয়, সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী চরিত্র। আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা সার্থক হবো।

ভাবনা বলেন, রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সে ক্যামেরার পেছনে থাকলেই সামনের মানুষটি সুন্দরভাবে পর্দায় ফুটে ওঠে। এটি আমার কথা নয়, যারা তার নির্দেশনায় কাজ করেছে সবাই একই কথাই বলবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই রায়হান খান একটি সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করে আসছিলেন। অনেকদিন আগেই আমাকে বলেছিল, তিনি সিনেমা নির্মাণ করলে আমাকে নেবেন। সেই কথা তিনি রেখেছেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞ। আশা করছি, তার নির্মাণে আমাদের এই সিনেমাটি ভালো একটি কাজ হয়ে থাকবে।

বরাবরই রোশানকে অ্যাকশন সিনেমায় দেখা যায়। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাওয়ার প্রসঙ্গে ভাবনা বলেন, আমি রোশানের কাজ দেখেছি। ‘অপারেশন সুন্দরবন’ তাকে খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমাদের জুটির কাজ ভালোই হবে। গল্প যদি ঠিক থাকে তখন আপনা আপনি কাজ ভালো হয়ে যায়। আমি সবসময় বলি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট ও নির্মাতা।

এদিকে, চিত্রনায়ক রোশান বলেন, সিনেমার গল্পটি দারুণ। গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হওয়া। তাছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে-বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করি এই কাজটি বেশ ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *