দীঘি ছোট বোনের মতো, সে আরও এগিয়ে যাক: রাফি

কিছুদিন আগে ঢাকাই সিনেমার পরিচালক রায়হান রাফি তার নতুন সিনেমার ঘোষণা দেন। ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হবেন ছোট পর্দার সুপারস্টার অভিনেতা আফরান নিশো। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তমা মির্জাকে।

শোনা যাচ্ছে, ‘সুড়ঙ্গ’ সিনেমায় তমার জায়গাতে প্রথমে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। কথাবার্তাও সেভাবে চূড়ান্ত হয়েছিল। এরপর দীঘির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রাফি।

জানা যায়, ছয় মাস আগে এ বিষয়ে দীঘির সঙ্গে কথাও বলেছিলেন। সম্প্রতি নিজের অফিসে ডেকে মৌখিকভাবে দীঘির সঙ্গে আলাপও চূড়ান্ত করেছেন। কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন রাফি। দীঘিকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা।

‘সুড়ঙ্গ’ সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়ে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন। শুধু লিখিত চুক্তি বাকি ছিল। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটা খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না, আমি ন্যাচারাল রিভেঞ্জে বিশ্বাস করি।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমসহ সোশ্যালে যখন নানা আলোচনা-সমালোচনা হচ্ছে, সেই মুহূর্তে এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন নির্মাতা রায়হান রাফি।

তিনি বলেন, ‘দীঘি আমার ছোট বোনের মতো। আমি সব সময় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে ভালো কাজ করছে। আমি চাই সে আরও এগিয়ে যাক। আর কিন্তু কোথাও আমার নাম বলেনি; অভিযোগও করেনি। তারপরও দেখছি কিছু সংবাদমাধ্যম তার (দীঘি) সঙ্গে আমার নাম জড়িয়ে সংবাদ করছে। আমার নাম জড়ালে হয়তো আলোচনায় আসা যায়, তাই জড়ানো হয়। নাকি অন্য কোনো কারণে আমার নাম জড়িয়ে সংবাদ করা হয় তা বুঝতে পারি না।’

রায়হান রাফি বলেন, ‘আমার সঙ্গে সিনেমার কাজ নিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই কথা হয়। গল্প শোনানো হয়, পরিকল্পনা শেয়ার করা হয়। একটা চরিত্রের জন্য একাধিক শিল্পীর সঙ্গে কথা বলতে হয়। গল্পের প্রয়োজনে সেখান থেকে যাকে সেরা মনে হয় তাকেই নেয়া হয়। আমার প্রতিটি সিনেমা এভাবেই করা। আর গল্পের প্রয়োজনে পরিচালক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখন কারো সঙ্গে কথা বলার পরে কেউ যদি সেটা ইস্যু বানায় তাহলে কী করার আছে আমার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *