বিয়ে করব, আর সেটা রনির সঙ্গেই হবে: নুসরাত ফারিয়া

পারিবারিকভাবে ২০২০ সালের ২১ মার্চ বাগদান হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এরপর ছিলেন শুভ দিনক্ষণের অপেক্ষায়। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে পত্র রনি রিয়াদ রশিদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই চিত্রনায়িকা।

তবে বেশ কিছুদিন ধরেই শোবিজে গুঞ্জন উঠেছে, রনি-ফারিয়ার সম্পর্কে ফাটল ধরেছে। আর সম্প্রতি ফারিয়ার বরাত দিয়ে সংবাদও এসেছে- তাদের বিয়েটা আর হচ্ছে না।

বিষয়টি নিয়ে এবার জাতীয় দৈনিক কালবেলার সঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। বললেন, ‘রনির সঙ্গে আমার বিয়ে হবে। একটি গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হওয়ার পরই এই বিপত্তি হয়েছে।’

আসলে কী বোঝাতে চেয়েছেন—জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছি, আপাতত বিয়ে করব না।’

রনি প্রসঙ্গে তিনি জোর গলায় বলেন, ‘বিয়ে আমি করব। এবং সেটা রনির সঙ্গেই হবে। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

এদিকে গত শুক্রবার প্রকাশিত ওই সংবাদে নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

বিষয়টির ব্যাখ্যা জানতে চাইলে এ নায়িকার ভাষ্য, ‘তারা বিষয়টি বুঝতে ভুল করেছে। আর এই কথাগুলো কখনোই আমার সাক্ষাৎকারের অংশ ছিল না।’

অন্যদিকে, বাগদানের সময় ফারিয়া জানিয়েছিলেন, ২০২০ সালের শেষ দিকে বিয়ে করবেন তারা। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। এরপর আরও দু’বছর পার হলেও বিয়ের দিকে নজর দেননি তারা।’

বিয়ে দেরির কারণ হিসেবে তিনি জানান, ক্যারিয়ারের কারণে আরও একটু সময় দরকার ফারিয়ার।

নায়িকার ভাষ্য, ‘চলতি বছর মাত্রই আমার গ্র্যাজুয়েশন শেষ হলো। এখন আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আরেকটু সময় দরকার। জীবনটা উপভোগ করতে চাই আগে। তারপর আরও বড় দায়িত্ব (বিয়ে) নেব।’

অন্যদিকে পারিবারিক আয়োজনও একটি বড় বিষয়। নুসরাত ফারিয়া বলেন, ‘আমরা দুজনই বড় হয়েছি আর্মি (সেনাবাহিনী) পরিবারে। আমাদের পরিবারে অনেক আত্মীয়স্বজন। তাদের নিয়ে বড় আয়োজন করতে হবে। এজন্য আমাদের সময়ও দরকার। আবার আমার টানা সিডিউল ও রনির নতুন বিজনেস নিয়ে সময়ও পাওয়া যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *