জাপা এমপিদের পদত্যাগের আহ্বান জানানোর বিএনপি কে: চুন্নু

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় সমাবেশে দলটির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

একই সমাবেশ থেকে জাতীয় পার্টিকেও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। এর জবাবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘এত প্রেম কিসের যে তারা পদত্যাগ করলেই আমরা করব?’

তিনি বলেন, ‘তারা (বিএনপির নেতা) আমাদের আহ্বান জানানোর কে? তারা তাদের রাজনীতি করে। আমরা কি তাদের রাজনীতি করি নাকি? বিএনপি কি ক্ষমতায় থাকতে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে? তারাও খারাপ ব্যবহার করেছে। আমরা আমাদের নিজস্ব রাজনীতি, নিজস্ব আন্দোলন, নিজস্ব ভাবনা ও কর্মসূচি আছে, সেটা নিয়ে আমরা চলি। তারা কী আহ্বান জানাল বা জানাল, তা আমাদের দেখার বিষয় না।’

সমাবেশ ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির চলমান রাজনীতির বিষয়ে চুন্নু বলেন, ‘বিএনপির সমাবেশে আওয়ামী লীগ যে ব্যারিকেড দিয়েছে—এটা ঠিক না। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। বিএনপিও তারা যখন ক্ষমতায় এই একই কাজ করেছে। আরও বেশি করে করেছে। এই দুটো দলই একই রকম।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমরা রাজধানীর সায়েদাবাদে মিটিং করতেছিলাম, সেই স্টেজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আওয়ামী লীগ তো এখনো স্টেজ পুড়ায়নি। কাজেই বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষমতার রাজনীতিতে খুব একটা পার্থক্য নাই। সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস ও স্বেচ্চাচারীতা এসমস্ত ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি একই রকম। এ কারণে মানুষ এই দুই দলকে আর চায় না। মানুষ এখন পল্লীবন্ধু এরশাদের দল জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *