আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে গতকাল বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে তিনি রাজনৈতিক ব্যক্তি নাকি পুলিশের সদস্য তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তার পরিচয় জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে এক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। আমার সেটা দৃষ্টিগোচর হয়েছে। তবে তাকে এখনো চিহ্নিত করা যায়নি। আমি এখনো মাঠে। অন্য কর্মকর্তারাও মাঠে।

তিনি পুলিশের নাকি অন্য কোনো রাজনৈতিক দলের? জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

বুধবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের পাশেই শর্টগান হাতে মারমুখী অবস্থানে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে একটি বাড়ির গেটের সামনে পুলিশভ্যানের আড়াল থেকে শর্টগান থেকে গুলি ছুড়ছেন এক যুবক। তার মাথায় নীল হেলমেট, গায়ে আর্জেন্টিনার জার্সি। এ সময় তার পাশ থেকে পুলিশের পোশাক পরা দুজনকে একসঙ্গে গুলি করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *