বিচার চাইলেন তাসনিয়া ফারিণ

শপিংমলে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বাবার সঙ্গে শপিং করছিলেন অভিনেত্রী।

খবরটি পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। ফারিণ তার বাবাকে সঙ্গে করে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর ফারিণকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় নেওয়া হয়েছে তাকে। তবে থাকতে হবে বিশ্রামে।

ঘটনাটি ঘটলো কেমন করে, ফারিণের বক্তব্য থেকে নির্মাতা রাজ বলেন, ‘ফারিণ মার্কেটের চলন্ত সিঁড়ি দিয়ে নিচতলা থেকে দোতলায় উঠছিলো। সঙ্গে তার বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। আঘাতটা এতো বেশি ছিলো যে, তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রড পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এটা খুবই দুঃখজনক।’

এদিকে ক্ষুব্ধ ফারিণ জোরকণ্ঠে বলছেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি শপিংমল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *