Home আলোচিত নিশোকে নিয়ে রাফির সিনেমা, হতাশ শাকিব খানের ভক্তরা

নিশোকে নিয়ে রাফির সিনেমা, হতাশ শাকিব খানের ভক্তরা

0
258

ছোটপর্দার পরীক্ষিত অভিনেতা আফরান নিশো। নাটক ও ওয়েব কনটেন্টে নানামাত্রিক চরিত্রের মাধ্যমে তিনি নিজেকে মেলে ধরে বার বার ‘লেটার মার্কস’ পেয়েছেন! পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে! নাটকের গণ্ডি পেরিয়ে নিশোর অভিষেক হতে যাচ্ছে রুপালী পর্দায়। যে অপেক্ষা ছিল দীর্ঘদিনের।

চরকি ও আলফা আই স্টুডিওজ লি. এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘সুড়ঙ্গ’। মুক্তি পাবে আগামী বছরের যে কোনো একটি ঈদে।

সময়ের অন্যতম নামী নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ই হতে যাচ্ছে নিশোর প্রথম ছবি। আর সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন পরিচালকের প্রেমিকা তমা মির্জা।

এদিকে নিশোকে নিয়ে রাফির ছবি নির্মাণের খবরটি গতকাল বুধবার প্রকাশের পর শাকিব খানের অনুরাগীদের মনে ঝড় বয়ে যাচ্ছে। হতাশার কালো জলে নাকানি চুবানি খাচ্ছেন তারা।

শাকিবিয়ানদের এই হতাশার পেছনে বড় কারণও আছে। কিছুদিন আগে রায়হান রাফি জানিয়েছিলেন, তিনি শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন। নতুন বছরেই সেটির শুটিং শুরু করবেন।

সেই খবরে সুপারস্টারের অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন। ধারণা করেছিলেন, সময়ের জনপ্রিয় পরিচালক রাফীর পরিচালনায় নতুনভাবে হাজির হবেন তাদের প্রিয় নায়ক। কিন্তু এখন নতুন সিনেমা ঘোষণা দেওয়ায় আশার গুড়ে বালি তাদের।

গ্রুপগুলোতে অনুরাগীদের কেউ কেউ শাকিবকে ‘চাপাবাজ’ বলে তিরস্কার করছেন। মাইকেল জন নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি শাকিব খানের ভক্ত ছিলাম। তার মুভির জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। কিন্তু তার বর্তমান কর্মকাণ্ডে তাকে মনে হয় সে ওয়ান নাম্বার চাপাবাজ।’

বুক ভরা কষ্ট নিয়ে মো. তানজিম হাসান লিখেছেন, ‘শাকিব খান ভাইজান। আপনি শুধু ছবির ঘোষণা দিয়ে আমাদের সান্ত্বনা দেন, ছবির শুটিং আর শুরু করেন না। এভাবে আমাদের মিথ্যা বলে কষ্ট দিয়ে কী শান্তি পান আপনি?’

রিফাত খান লিখেছেন, ‘নেই কোনো ছবির আপডেট। নেই কোনো গানের আপডেট। নেই ট্রেলার। হতাশ আমরা। এভাবে চলতে থাকলে কীভাবে কী! আর কতোটা ধৈর্য ধরব?’

আবার অনেক শাকিবিয়ান এখনই আশাহত হচ্ছেন না। শাকিবের ভালো ছবির জন্য প্রয়োজনে আরও বেশি অপেক্ষা করতে রাজি। তাদের বিশ্বাস, দেরি হলেও ভালো কিছু নিয়ে পর্দায় হাজির হবেন তিনি।

এর আগে গত ৪ অক্টোবর নির্মাতা রাফি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেন।

সেখানে লিখেন, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের- সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই। ‘দামাল’ এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here